জিপি-রবি’র পাওনা পুনঃনিরীক্ষা হবে

৮ অক্টোবর, ২০১৯ ১৫:২১  
মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটার কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা পুনঃনিরীক্ষা করা হবে। পাশাপাশি পুরো বিষয়টি নজরদারি করতে সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। তবে তার আগেই আগামী ৩৭ দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২৫০ কোটি টাকা পরিশোধ করবে জিপি ও রবি। পাওনা পরিশোধে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর অর্থমন্ত্রীর হস্তক্ষেপে কয়েক দফা বৈঠক শেষে অপারেটর দুটির পক্ষ থেকে এমন প্রস্তাব করা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে গ্রামীণফোন ১০০ কোটি টাকা এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে আরও ১০০ কোটি টাকা বিটিআরসির অনুকূলে জমা দেবে। একইভাবে রবি আজিয়াটা কমিটির কার্যক্রম শুরুর আগে আগামী সাত দিনের মধ্যে ২৫ কোটি টাকা এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে আরও ২৫ কোটি টাকা বিটিআরসির অনুকূলে পরিশোধ করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, ‘গ্রামীণফোন ও রবির কাছে অডিটে উদ্ভূত সরকারি পাওনার বিষয়টির সম্মানজনক সুরাহা’ বিষয়ে গত ৩ অক্টোবর সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে একটি সভা হয়। সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং গ্রামীণফোন, রবি ও বিটিআরসি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই পাঁচটি প্রস্তাব দেয় দুই অপারেটর। এছাড়াও একটি অডিট ফার্ম দিয়ে বিটিআরসির আগের অডিটগুলো পুনঃনিরীক্ষার বিষয়ে দুই অপারেটর ও বিটিআরসি ঐক্যমতে পৌঁছে। অপরদিকে প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়টি অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, এনবিআর চেয়ারম্যান এবং বিটিআরসি চেয়ারম্যান প্রত্যক্ষভাবে কমিটির কার্যক্রম মনিটর করবেন বলে সিদ্ধান্ত হয়। প্রস্তাবনা অনুযায়ী, পাওনা বিষয়ে বিটিআরসি, গ্রামীণফোন ও রবি উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে একটি কমিটি গঠন করা হবে। কমিটি আলোচনার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরকারি পাওনা পরীক্ষা-নিরীক্ষা করবে; অথবা পরীক্ষা-নিরীক্ষার পদ্ধতি বের করবে। সে পদ্ধতিতে দুই মোবাইল ফোন কোম্পানি বিটিআরসিকে অর্থ পরিশোধ করবে। গ্রামীণফোন ও রবি ব্যবসা পরিচালনার সুবিধার্থে বিটিআরসি শোকজসহ সব ধরনের নিষেধাজ্ঞা অনতিবিলম্বে প্রত্যাহর করবে এবং একইভাবে মোবাইল ফোন অপারেটরদ্বয় ও বিটিআরসি যৌথভাবে সব মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে সরকারের। অন্যদিকে রবিকে পরিশোধ করতে হবে ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা। গ্রামীণফোনের বকেয়ার মধ্যে আট হাজার ৪৯৪ কোটি এক লাখ টাকা পাবে বিটিআরসি আর এনবিআর পাবে চার হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা। বকেয়া অর্থ পরিশোধ না করায় সরকারি নির্দেশনামতে গত ৪ জুলাই বিটিআরসি গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইড্থ ব্লক করে রাখে।